সরকারের ১৮০ দিনের কর্মসূচি: ৫ জেলায় শুরু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’ কার্যক্রম

দেশের সাধারণ মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সরকারের ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় এই ডিজিটাল কার্ড প্রদান করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫টি জেলার মানুষ এই সুবিধার আওতায় আসছেন।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী তার জবাবে উল্লেখ করেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী—এই ৫টি জেলার জনসাধারণের জন্য ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই কার্ডের মাধ্যমে রোগীদের যাবতীয় চিকিৎসার তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে, যা দ্রুত ও নির্ভুল চিকিৎসা সেবা প্রদানে সহায়ক হবে। ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই অগ্রাধিকারমূলক প্রকল্প হাতে নিয়েছে।