↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ এপ্রিল ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল ২০২৬, ৭:৪১ পি.এম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন: ঘরোয়া আসরে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের মাঠ কাঁপানো পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি অবসরের এই ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ‘বাগেরহাট এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও মাঠের ক্রিকেটে এখনই ইতি টানছেন না তিনি। রুবেল জানিয়েছেন, জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া আসরের ক্রিকেট নিয়মিত চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার। উল্লেখ্য যে, ২০২১ সালের এপ্রিলে তিনি সর্বশেষ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে ফেরার সুযোগ না হওয়ায় অবসরের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিনি।

বিদায় বেলায় রুবেল তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।”

রুবেল হোসেনের আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। তিনি ২৭টি টেস্ট ম্যাচে ৩৬ উইকেট, ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৮টি উইকেট শিকার করেছেন। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার সেই অবিস্মরণীয় স্পেলটি দেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।