↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ এপ্রিল ২০২৬, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল ২০২৬, ৭:০৮ পি.এম

রাজধানীর বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর বনানীতে একটি ১১ তলা ভবনের শীর্ষতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর সড়কের কাঁচাবাজার সংলগ্ন ওই ভবনে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও চারটি ইউনিট সেখানে যুক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ভবনটির ১১ তলায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কি না, সে সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্মীরা নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন।