‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়’: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ভোলা সফরের পথে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই আমাদের কাঙ্ক্ষিত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।” তিনি আরও উল্লেখ করেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষ যেভাবে রাজপথে নেমে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
রাজনীতিতে সাধারণ মানুষের ক্রমবর্ধমান আগ্রহকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, মানুষের সচেতনতা ও গণতন্ত্রের প্রতি ঐকান্তিক আগ্রহ বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও যোগ করেন, যখনই স্বৈরশাসন জেঁকে বসেছে, তখনই ছাত্র-যুবকরা রাজপথে নেমে গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করেছে।
এর আগে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে স্পিকারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় তিনি বরিশালে কাটানো শৈশবের দিনগুলোর স্মৃতিচারণ করেন। সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি নিজ সংসদীয় এলাকা ভোলার উদ্দেশে রওনা হন।