১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এর আগে আজ ১৭ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আজ রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী ফ্লাইটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে রাত ১২টা ২০ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে। ১৮ এপ্রিল মোট ১৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬টি, সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাবেন। আগামী ২১ মে পর্যন্ত মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই পর্যন্ত চলবে।