↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৭ এপ্রিল ২০২৬, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ পি.এম

চুক্তি না হলে সামরিক অভিযানের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন এক কড়া বার্তা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি নির্দিষ্ট চুক্তিতে সম্মত না হয়, তবে দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্র পিছপা হবে না। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে হেগসেথ বলেন, মার্কিন বাহিনী প্রয়োজন হলে যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত। এমন এক সময়ে এই হুঁশিয়ারি এল যখন মার্কিন সিনেট ডেমোক্র্যাটদের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই প্রস্তাবে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যেকোনো যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে এটি খারিজ হওয়ায় ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ নেওয়ার পথ আরও প্রশস্ত হলো।

তবে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও সমানতালে চলছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ওই বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ উপস্থিত ছিলেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংলাপ শুরুর সম্ভাবনা যাচাই করতেই এই মধ্যস্থতা করছে পাকিস্তান।

এদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা কমছে না। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের মাইফাদুন শহরে ইসরায়েলি বিমান হামলায় জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ৪ জন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।

বিশ্লেষকদের মতে, একদিকে ওয়াশিংটনের সামরিক হুমকি এবং অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন—সব মিলিয়ে মধ্যপ্রাচ্য বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কূটনৈতিক সমাধান দ্রুত না আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।