↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ ১৭ এপ্রিল ২০২৬, ৪:৪০ পি.এম

সেচ খরচ কমাতে কৃষিতে ‘সোলার বিপ্লব’: কুমিল্লায় ১,৪৫৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কৃষকদের সেচ খরচ কমিয়ে উৎপাদনকে আরও লাভজনক করতে সেচ ব্যবস্থাকে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তরের ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “জ্বালানি নির্ভরতা কমাতে ডিপ টিউবওয়েল ও শ্যালোমেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকার বড় অঙ্কের ভর্তুকি দেবে, ফলে কৃষকরা অর্ধেক খরচে সোলার সেচ সুবিধা পাবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার গঠনের পর ‘ভোটের কালি শুকানোর আগেই’ নির্বাচনি ইশতেহারের ৩১ দফা অনুযায়ী কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কৃষি দর্শনের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় কৃষি ঋণমুক্তকরণ ও সারের ভর্তুকি প্রদানের মাধ্যমে যে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কৃষিবান্ধব আদর্শেই কাজ করে যাচ্ছেন।” তিনি জানান, দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল, তাই কৃষকদের স্বাবলম্বী করা গেলে জাতীয় অর্থনীতি মজবুত হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জসিম উদ্দিন (কুমিল্লা-৫) ও আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭)। এছাড়াও কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ ও মৎস্য সচিব মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী কৃষকদের মাঝে কার্ড বিতরণ করেন এবং কৃষি প্রযুক্তির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।