শিক্ষা ও শিশুদের উন্নয়নে ৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তার সফরকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে।
সফরকালে চার্লস জে. হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং তাদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়টি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ কার্যালয়টি বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষায় কাজ করে। হার্ডার তার সফরে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করবেন। কীভাবে দুই দেশের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশের শিশুদের জন্য একটি নিরাপদ, আধুনিক এবং সম্ভাবনাময় পরিবেশ নিশ্চিত করা যায়, সেটিই হবে এই সফরের মূল লক্ষ্য।
চার্লস জে. হার্ডার বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে একজন প্রভাবশালী কূটনীতিক হিসেবে সুপরিচিত। তার এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ও শিশু সুরক্ষা খাত নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।