‘টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে দূরে থাকুন’: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনের টকশো মানুষকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর বারিধারায় একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “টেলিভিশনের টকশো আপনাদের বিভ্রান্ত করবে। আরও বেশি বিভ্রান্ত করবে সোশ্যাল মিডিয়া, যেখানে আপনারা সবাই এখন আক্রান্ত। রাজনীতিতে অনেক কচকচানি থাকবে, পার্লামেন্টের কথা বা রাস্তার বক্তৃতা শুনে আপনাদের মনে হতে পারে—এ কী হলো! কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের গভীরভাবে ভাবতে হবে।”
দেশের অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, “এখনও আমাদের প্রায় ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফুটপাথে পরিবার নিয়ে মানুষ শুয়ে থাকে, শিশুরা শ্রম বিক্রি করে বেঁচে থাকে। এই সমাজ পরিবর্তন করতে না পারাটা আমাদের সামগ্রিক ব্যর্থতা।” তবে তিনি এও উল্লেখ করেন যে, ১৯৭১ সালে সাড়ে সাত কোটি মানুষের দেশে যে খাদ্য ঘাটতি ছিল, আজ ১৮ কোটি মানুষের দেশে তা নেই—এটি একটি বড় ইতিবাচক অর্জন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “জিয়াউর রহমান একটি নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তিনি একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এবং তরুণ ও কৃষকদের মধ্যে উৎপাদনের উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন।”
সবশেষে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৫ বছরের ফ্যাসিস্ট শাসনের পর যখন দম বন্ধ হয়ে আসছিল, গুম-খুন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছিল, তখন ২৪ জুলাই আমাদের ছোট ছোট ছেলে-মেয়েরা অকাতরে প্রাণ দিয়ে পরিবর্তনের পথ দেখিয়েছে। তাদের এই আত্মত্যাগ আমাদের মনে নতুন করে স্বপ্ন জাগিয়ে তুলেছে।”