হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনেচ্ছু আল্লাহর মেহমানদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহারসামগ্রী ইতোমধ্যে রাজধানীর আশকোনা ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপহারের বিস্তারিত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বেশ কয়েক ধরনের প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে ১ লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে, যা হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের মাঝে নিয়মিত সরবরাহ করা হচ্ছে।
এছাড়া, আজ রাতের উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ গিফট প্যাক তৈরি করা হয়েছে। এই প্যাকে থাকছে:
- উন্নত মানের ব্যাকপ্যাক
- আজওয়া খেজুর
- ইহরাম সাবান ও পেট্রোলিয়াম জেলি
- পানির পট ও মিসওয়াক
পরিচালক আরও জানান, এই উপহারসামগ্রীগুলো ইতোমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং আজ রাতে ফ্লাইটের সময় আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখ্য যে, আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।