↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৮ এপ্রিল ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল ২০২৬, ২:২৭ পি.এম

ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান: মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সঙ্গে এটাই জনাব তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য আরও সুচারুভাবে পালনের লক্ষ্যেই এই সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্মেলনে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সরাসরি অংশগ্রহণ মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে এবং দেশের স্বাস্থ্যখাতের আধুনিকায়নে সহায়ক ভূমিকা পালন করবে।