দেশে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নেই: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে জ্বালানি সংকট ইস্যুতে বিরোধী দলের আনা একটি মুলতবি প্রস্তাবের বিরোধিতা করে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদের ভেতরে বা বাইরে কোথাও জ্বালানি সংকট নেই। অর্থমন্ত্রী ইতোমধ্যেই পরিসংখ্যানে দেখিয়েছেন যে আমাদের জ্বালানি মজুদ ও সরবরাহ পর্যাপ্ত।” তিনি আরও উল্লেখ করেন যে, বিরোধীদলীয় নেতা বাইরে সফরকালে সংসদে জ্বালানি থাকলেও বাইরে নেই বলে যে বক্তব্য দিচ্ছেন, তা সঠিক নয়।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সরকার এতদিন তেলের দাম সহনীয় পর্যায়ে রেখেছিল। তবে পাচার ও অপচয় রোধে খাতটিকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে সরকার তেলের দাম কিঞ্চিৎ বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, “আমাদের জাতীয় অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং পাচার রোধ করা যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত।”
সংসদীয় রীতি প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, একই অধিবেশনে একাধিক মুলতবি প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা ভবিষ্যতে ভিন্ন নজির তৈরি করতে পারে। তাই তিনি বিষয়টি নিয়ে আলোচনার গুরুত্ব স্বীকার করেও অধিবেশন স্থগিত না করার অনুরোধ করেন। এর পরিবর্তে বিধি ৬৮ অনুযায়ী নোটিশ দিয়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
উক্ত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।