↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২১ এপ্রিল ২০২৬, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল ২০২৬, ৯:০৬ পি.এম

ডলার এড়িয়ে চীনা মুদ্রা ইউয়ানে ইরান ও রাশিয়ার তেলের দাম মেটাচ্ছে ভারত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের লেনদেনে ডলারের বিকল্প হিসেবে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করছে ভারত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি তেল শোধনাগারগুলো ইরান এবং রাশিয়ার কাছ থেকে কেনা তেলের মূল্য পরিশোধে ইউয়ান ব্যবহার করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, মুম্বাইভিত্তিক আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে এই অর্থ লেনদেন করা হচ্ছে। মূলত মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট জটিলতা এড়াতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সাময়িক শিথিলতার সুযোগে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (IOC) প্রায় সাত বছর পর ইরান থেকে ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য প্রায় ২০ কোটি ডলার।

ইন্ডিয়ান অয়েল ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান রিলাইয়েন্স ইন্ডাস্ট্রিজও ইরান থেকে তেল সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামক একটি জাহাজ তেল খালাস সম্পন্ন করেছে বলে শিপিং সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্টক বেসেন্ট গত ১৫ এপ্রিল জানিয়েছেন, এই বিশেষ ছাড় আর নবায়ন করা হবে না। ফলে ১৯ এপ্রিল এই অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভবিষ্যতে ইরান থেকে তেল কেনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

লেনদেনের প্রক্রিয়ার বিষয়ে জানা গেছে, সরবরাহকারীর কাছ থেকে ‘নোটিস অব রেডিনেস’ পাওয়ার পর প্রায় ৯৫ শতাংশ অর্থ অগ্রিম পরিশোধ করেছে ইন্ডিয়ান অয়েল। সাধারণত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো পণ্য খালাসের পর অর্থ প্রদান করলেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের ক্ষেত্রে এই বিশেষ ও অস্বাভাবিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে মার্কিন চাপের মুখে ভারত ইরানি তেল কেনা বন্ধ রাখলেও সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র সাময়িক ছাড় দিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েই ভারত তাদের জ্বালানি নিরাপত্তার স্বার্থে বিকল্প মুদ্রায় এই বাণিজ্য সম্পন্ন করল।