↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২১ এপ্রিল ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল ২০২৬, ৯:৩৩ পি.এম

বগুড়া সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী: সিটি করপোরেশনসহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় দিনভর ব্যস্ত সফর শেষে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি তাঁর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি সমাপ্ত করেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সস্ত্রীক বগুড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল দেড়শ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা। এই ঘোষণার মাধ্যমে উত্তরবঙ্গের এই প্রাচীন জনপদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ডিজিটাল বিচারিক সেবার অংশ হিসেবে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন এবং নবনির্মিত আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন করেন। দুপুরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং তাঁর পৈতৃক ভিটা পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন।

বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি প্রেস ক্লাব ও মসজিদ কমপ্লেক্সের কর্মসূচি সম্পন্ন করেন। ফেরার পথে প্রধানমন্ত্রী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) কিছুক্ষণ যাত্রাবিরতি করবেন এবং এরপর সরাসরি গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো বগুড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।