পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইজিপি

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার (জানুয়ারি-মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, পুলিশ বাহিনী সাম্প্রতিক এক অত্যন্ত চ্যালেঞ্জিং সময় অতিক্রম করেছে। বিশেষ করে একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে বাহিনীর সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এবং জনমানুষের প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, সিআইডি দেশের তদন্ত ব্যবস্থায় ‘অ্যাপেক্স বডি’ হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে, যা বিচার ব্যবস্থাকে আরও মজবুত করে তুলছে।
তবে জনগণের উচ্চ প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে আইজিপি বলেন, মামলার তদন্তের গতি ও গুণগত মান নিশ্চিত করতে আরও পেশাদার হতে হবে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি সতর্ক করে দেন যে, কোনো ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কার্যকলাপের কারণে পুরো প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ন হওয়া গ্রহণযোগ্য নয়। অনিয়ম থেকে দূরে থেকে জনবান্ধব আচরণ নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোনো একজন সদস্যের ভুলের দায় পুরো বাহিনী নেবে না। নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থেকে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি। সমাপনী অনুষ্ঠানে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাহসিকতা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।