↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২২ এপ্রিল ২০২৬, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল ২০২৬, ৫:৩০ পি.এম

ক্ষমতা গ্রহণের পর ৯০ মিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করেছে সরকার: সংসদে অর্থমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক দাতা সংস্থা ও বিভিন্ন দেশের মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী দেশের বৈদেশিক ঋণের বর্তমান চিত্র তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।

ঋণ পরিশোধের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) সরকারের পক্ষে এই দায়িত্ব পালন করে থাকে। প্রতি অর্থবছরের শুরুতেই ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয়। সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয় এবং সারা বছর নির্দিষ্ট পরিশোধ সূচি অনুসরণ করে বাজেট বরাদ্দ থেকে এই ঋণ পরিশোধ করা হচ্ছে।

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বৈদেশিক ঋণের ভার লাঘব এবং সময়মতো কিস্তি পরিশোধে সরকার অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। নিয়মিত বরাদ্দ ব্যবহারের মাধ্যমে ঋণ পরিশোধ প্রক্রিয়া সচল রাখা হয়েছে যাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে।