↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল ২০২৬, ৭:২৬ পি.এম

খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (এনডব্লিউইউ) সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উৎস রায়ের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরের নিরালা আবাসিক এলাকার একটি মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠী ও স্বজনদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিশাল অংকের বকেয়া ফি পরিশোধ করতে না পারার হতাশায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাছে উৎসের বকেয়া পাওনা ছিল ৭৬ হাজার ৮১৬ টাকা। গতকাল সকালে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এক মাস সময় চেয়ে আবেদন করেছিলেন। আবেদনটি সিএসই বিভাগের বিভাগীয় প্রধান গ্রহণ করলেও পরে দেখা যায়, আবেদনের ওপর আড়াআড়ি দাগ টেনে সেটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উৎসকে তাঁর অভিভাবকদের সঙ্গে কথা বলাতে বলেছিল।

নিহতের মামা কৌসিক রায় জানান, আত্মহত্যার মাত্র আধা ঘণ্টা আগে উৎস তাঁর বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তিনি ৩৫ হাজার টাকা বকেয়ার কথা জানিয়ে আপাতত ১০ হাজার টাকা চেয়েছিলেন। তাঁর শিক্ষক বাবা সকালে টাকা পাঠানোর আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু সেই টাকা পাওয়ার আগেই উৎস নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মাহুতি দেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) কানাই লাল সরকার বলেন, “আবেদন পাওয়ার পর অভিভাবককে যোগাযোগ করতে বলা হয়েছিল, কিন্তু কেউ আসেনি।” এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।