↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ এপ্রিল ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল ২০২৬, ৬:৩৯ এ.এম

হৃদরোগের চিকিৎসাসেবা পৌঁছাবে প্রত্যন্ত অঞ্চলে: চীন-বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার উদ্বোধনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের হৃদরোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে চীন ও বাংলাদেশের স্বাস্থ্য খাতের সহযোগিতায় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) আয়োজিত এক অনুষ্ঠানে অত্যাধুনিক ‘মোবাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইউনিট’ (ভ্রাম্যমাণ ভ্যান) হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “এই ভ্রাম্যমাণ ইউনিটের মাধ্যমে হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসাসেবা কেবল ঢাকা নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।” তিনি উল্লেখ করেন যে, অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর হার কমানোই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের স্বাস্থ্যসেবাকে আমূল বদলে দেওয়ার যে রূপকল্প গ্রহণ করা হয়েছে, এই উদ্যোগ তাকে আরও বেগবান করবে।

স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, গত ১৫ বছরে সঠিক পরিকল্পনা ও তদারকির অভাবে এই খাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার একটি স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সরকারি হাসপাতালের সুবিধাগুলো প্রকৃত অর্থেই জনগণের চাহিদাপূরণে সক্ষম করে তুলবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা গবেষণা ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ উর্ধ্বতন কর্মকর্তারা।