↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ এপ্রিল ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল ২০২৬, ৮:৪৮ এ.এম

বাংলাদেশে আসছে পেপ্যাল; ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং ফ্রিল্যান্সারদের বৈশ্বিক লেনদেন সহজতর করতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (PayPal) বাংলাদেশে চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভ করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স আহরণ আরও সহজ হবে। একইসঙ্গে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ইতোমধ্যে ৭ হাজার ৫০০ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে।” এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে এআই (Artificial Intelligence), মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, পাইথন (Python) প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স এবং সাইবার সিকিউরিটির মতো অত্যাধুনিক বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে ৮৩টি বিনিয়োগ ও কর্মসংস্থান সংক্রান্ত সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে আরও ১০টি নতুন সেবা যুক্ত করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী এবং নারী উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি সংসদকে অবহিত করেন।