দেশে ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি, লোডশেডিংয়ের জন্য বিগত সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করলেন জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে চলমান তীব্র গরমে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় লোডশেডিং করতে বাধ্য হচ্ছে সরকার। গত বুধবার (২২ এপ্রিল) সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। অর্থাৎ একদিনেই ২ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। তিনি বলেন, প্রচণ্ড গরমে সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল হচ্ছেন—এটি স্বীকার করে নিতে কোনো দ্বিধা নেই। তবে এই পরিস্থিতির জন্য বর্তমান নির্বাচিত সরকারকে নয়, বরং বিগত সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের আমলে কাগজে-কলমে উৎপাদন ক্ষমতা অনেক বেশি দেখানো হলেও বাস্তবে তার বড় ধরনের গড়মিল রয়েছে। ফলে বর্তমান সরকারকে সেই অব্যবস্থাপনার দায়ভার বহন করতে হচ্ছে।
জ্বালানি সংকট নিরসনে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত জানান, সরকারি ও বিরোধী দল এ বিষয়ে একমত পোষণ করেছে। তিনি বলেন, গতকাল জ্বালানি বিষয়ে দুই পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যা দেশের জ্বালানি খাতের টেকসই সমাধানে নতুন পথের দিশা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে বিরোধীদলীয় নেতার সঙ্গেও আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয়েছে। দেশের বর্তমান টালমাটাল বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।