↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৪ এপ্রিল ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল ২০২৬, ১:০৩ পি.এম

প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইও’র সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিশ্বখ্যাত পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস তাঁর প্রথম বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দেশের অর্থনীতি ও শিল্প খাতে বাটার দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ফুটওয়্যার শিল্পের রপ্তানি সম্ভাবনা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাটার ভবিষ্যৎ অগ্রযাত্রায় সরকারের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন সহযোগিতা ও নিবিড় পর্যবেক্ষণের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পোন্নয়নে বাটার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাটা গ্রুপের গ্লোবাল সিইও পানোস মাইটারোস বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান বাজার সম্ভাবনার প্রতি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন। তিনি জানান, বাটা বাংলাদেশে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি এবং ইনোভেটিভ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগ আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী ও বিশ্বমানের আরামদায়ক পণ্য নিশ্চিত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি বাটার সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমগুলোও গুরুত্ব পায়। বিশেষ করে ‘বাটা চিলড্রেনস প্রোগ্রাম’-এর মাধ্যমে শিশুদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করা হয়। বৈঠকে বাটা বাংলাদেশের অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং মানবসম্পদ পরিচালক মালিক মেহেদী কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উৎসাহ ও সহযোগিতার প্রতি বাটা কর্তৃপক্ষ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।