শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে সব পর্যায়ে সমান্তরাল মান নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে সমান্তরাল মান নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে একটি নতুন ও আধুনিক শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে এই নতুন কারিকুলাম উন্নয়নের কাজ চলমান রয়েছে যা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে।
শিক্ষকদের গুণগত মান বৃদ্ধির বিষয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে আরও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা চলছে। ভবিষ্যতে নীতিমালায় বড় পরিবর্তন আসছে উল্লেখ করে তিনি বলেন, “পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া কেউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারবেন না। নিয়োগের আগে অবশ্যই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।”
সারাদেশের ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কাজ করার চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ৬৫ হাজারের বেশি সরকারি স্কুলসহ বিশাল এই খাতের নীতিমালা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে ধাপে ধাপে এসব নীতিমালা বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে শিক্ষকদের মান উন্নয়ন হবে এবং প্রতিটি বিদ্যালয়কে পূর্ণাঙ্গ মনিটরিংয়ের আওতায় আনা হবে।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত ‘৭১-এর মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তার সঙ্গে উপস্থিত ছিলেন।