উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করে হকারদের জন্য এমন বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দিয়েছেন, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এবং দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েক শতাধিক অবৈধ দোকান সরিয়ে নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, উচ্ছেদকৃত হকারদের কেবল বিকল্প জায়গাই দেওয়া হবে না, বরং তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনতে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র (ID Card) প্রদান করবে সরকার। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, হকারদের জীবন-জীবিকা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
এদিকে রাজধানীর অসহনীয় যানজট নিরসনে বিশেষ করে স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময়ে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি লক্ষ্য করেছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং যানজটের একটি প্রধান কারণ। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করার প্রস্তাব দেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সমন্বয় বাড়িয়ে নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশ দেন।