নিজেই চালিয়ে কলেজছাত্রের বানানো গো-কার্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধাকে উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কলেজছাত্র রিজওয়ান রশীদের নিজ হাতে বানানো গো-কার্ট (রেসিং কার) নিজে চালিয়ে তাকে অনুপ্রেরণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তরুণ উদ্ভাবক রিজওয়ানের সঙ্গে কথা বলেন এবং তার এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একপর্যায়ে তাকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই চালকের আসনে বসেন এবং গো-কার্টটি চালিয়ে দেখেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় দেশীয় প্রযুক্তি ও স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে এই গাড়িটি তৈরি করেছেন রিজওয়ান রশীদ। মাত্র এক লাখ টাকা ব্যয়ে দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তিনি এটি সফলভাবে প্রস্তুত করেন। স্থানীয়ভাবে পরীক্ষিত এই গাড়িটি অত্যন্ত নিরাপদ ডিজাইনে তৈরি করা হয়েছে বলে জানানো হয়।
প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত উপস্থিতি ও উৎসাহদান তরুণ প্রজন্মের মাঝে কারিগরি ও উদ্ভাবনী কাজে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।