↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৭ এপ্রিল ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল ২০২৬, ৫:০৭ পি.এম

পুলিশ ও জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করেছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই দিন আগেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সম্প্রতি কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন।

এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে বলেন, “সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডসহ যারা জরুরি সেবায় নিয়োজিত, তাদের ওপর থেকে এমবার্গো (নিষেধাজ্ঞা) সরিয়ে নেওয়া হয়েছে।” তিনি আরও স্পষ্ট করেন যে, দুই দিন আগেই এই সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের ফলে পুলিশের টহল বা জরুরি সেবার ক্ষেত্রে জ্বালানিজনিত যে সমস্যা দেখা দিয়েছিল, তার স্থায়ী সমাধান হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা আরও সুসংহত হবে।