এসএসসির প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ‘গুজবে’ কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন নিয়ে জালিয়াতি বা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার। একটি চক্র টেলিগ্রাম গ্রুপে তথ্য ম্যানিপুলেট করে গুজব ছড়াচ্ছে। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ও হবে।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের গুজবে সরকার বিব্রত হয়, তবে এখন পর্যন্ত পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তুষ্ট। আগামী দিনগুলোতেও সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া পাবলিক পরীক্ষার সূচি সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ডিসেম্বর মাসকে পরীক্ষার মাস হিসেবে নির্ধারণের পরিকল্পনা করছে সরকার। জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু করার লক্ষ্য নিয়ে কারিকুলাম ও সিলেবাস সমন্বয় করা হচ্ছে।
বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’ বা তরুণ জনগোষ্ঠীকে গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মেধাস্বত্ব সুরক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে এবং জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক মহিদুস সামাদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্ট শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।