মেয়েদের শিক্ষা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারী শিক্ষার উন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন থেকে মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত বিএনপি সরকারের নারী শিক্ষা নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে দায়িত্ব নিয়ে মা-বোনদের শিক্ষিত করতে মেট্রিক (এসএসসি) পর্যন্ত শিক্ষা ফ্রি করেছিলেন। পরবর্তীতে ২০০১ সালে তিনি পুনরায় ক্ষমতায় এসে ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেন। তাঁর সেই অসমাপ্ত কাজ এবং দর্শনকে পূর্ণতা দিতেই আমরা মেয়েদের শিক্ষা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছি।”
বিকেল আড়াইটায় জনসভার কার্যক্রম শুরু হয়। তবে এর আগেই প্রধানমন্ত্রী যশোরে দিনভর একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি শার্শায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন, যা স্থানীয় কৃষি ও মৎস্য চাষে বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, প্রধানমন্ত্রী হরিনারবিলে ৫শ শয্যা বিশিষ্ট ‘যশোর মেডিকেল কলেজ হাসপাতাল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দড়াটানায় আধুনিকায়নকৃত ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে দেশের উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।