বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মালদ্বীপ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের পর্যটন খাতের আধুনিকায়ন এবং কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের মানোন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে তাঁর নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনীন রশিদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আলোচনা হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে মালদ্বীপের যে অভিজ্ঞতা রয়েছে, তা কক্সবাজার ও কুয়াকাটার উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
উভয় পক্ষ পর্যটন খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে দ্রুত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এই স্মারক স্বাক্ষরিত হলে দুই দেশের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়, অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণ সহজতর হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনীন রশিদ বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনার বিকাশে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কারিগরি ও পেশাদার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।