↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৯ এপ্রিল ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পি.এম

রাজধানীর তেজগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক কারবারিসহ গ্রেফতার ৭২

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও হাতিরঝিলসহ আশপাশের অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই নিয়মিত অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সামুরাই, দুটি চাপাতি এবং নগদ ২ হাজার ৭৭ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ২৬ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়। এছাড়া শেরেবাংলা নগর ও হাতিরঝিল থানা থেকে আটজন করে, তেজগাঁও থানায় সাতজন এবং আদাবর থানায় ছয়জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকায় মামুন, উজ্জ্বল মিয়া, গোলাম রাব্বি রিফান, সাইফুলের মতো চিহ্নিত অপরাধীদের পাশাপাশি বেশ কয়েকজন নারী মাদক কারবারিও রয়েছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংশ্লিষ্ট এলাকায় কিশোর গ্যাং কালচার, মাদক কেনাবেচা এবং ছিনতাইয়ের মতো ঘটনার সাথে জড়িত। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত সকলকেই আদালতে পাঠানো হয়েছে।