৭ বিভাগে সমাবেশের ডাক দিল জামায়াতসহ ১১ দলীয় জোট

দেশের সাতটি বিভাগীয় শহরে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম, ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। তিনি জানান, শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় সমাবেশের পাশাপাশি জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন জোটের সিনিয়র নেতারা। এ ছাড়া সবশেষে অক্টোবর মাসে ঢাকায় বড় ধরনের একটি সমাবেশের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রশাসনের কঠোর সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার প্রশাসনে ব্যাপক দলীয়করণ ও নিয়োগ বাণিজ্য চালাচ্ছে। স্থানীয় নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের পদে বসানো হচ্ছে। এসব জনদুর্ভোগ ও রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে জোট রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দীন আহমেদ, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।