↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬, ৬:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল ২০২৬, ২:৩৭ পি.এম

ঢাকা ও বাগেরহাটে নতুন এসপি নিয়োগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকা ও বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো হয়েছে। অন্যদিকে, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে জেলা দুটিতে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরে কর্মরত শামীমা পারভিনকে ঢাকার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই পুলিশের এই শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হলো।