↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ মে ২০২৬, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ১ মে ২০২৬, ৩:২৫ পি.এম

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১ মে) বগুড়ার শিবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের দাবি ও অধিকারের প্রতি একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আলোচনা সভায় মীর শাহে আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও জানান, বর্তমান সরকার শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না। শ্রমজীবীদের অধিকার রক্ষায় সরকারের এই অঙ্গীকার আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।