↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ মে ২০২৬, ৭:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ১ মে ২০২৬, ৪:২১ পি.এম

জাইমা রহমানের ছবি বিকৃত করার অভিযোগে নাগেশ্বরীতে থানায় জিডি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদী হয়ে নাগেশ্বরী থানায় এই জিডি করেন।

জিডির আবেদন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেল মামুন নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের একটি বিকৃত ছবি পোস্ট করেন। বাদী ওমর ফারুকের দাবি, এই ধরনের পোস্ট প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা এবং ফুলবর রহমান ডাক্তারের ছেলে।

ঘটনার পর অভিযুক্ত রাসেল মামুনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হলেও তিনি তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এটা আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর এরকম ভুল হবে না। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’

বাদী ওমর ফারুক জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও ছবি বিকৃত করা গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, অভিযুক্ত রাসেল আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।