↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৩ মে ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৩ মে ২০২৬, ৪:৫৮ এ.এম

বিশ্ববিদ্যালয় ও জেলা-মহানগরসহ ছাত্রদলের ২৯টি নতুন কমিটি ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগর পর্যায়ে একযোগে ২৯টি ইউনিটের কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পর্যায়ের সাতটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে নতুন আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় সংসদ।

মহানগর ও জেলা কমিটির ক্ষেত্রে ঢাকার চারটি গুরুত্বপূর্ণ ইউনিট—ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ এবং কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলাতেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এদিকে কলেজ পর্যায়ের কমিটিগুলোর মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী ঢাকা কলেজে বিদ্যমান কমিটিকে বর্ধিত করে অনুমোদন দেওয়া হয়েছে। এসব নতুন কমিটির মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।