ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের; সর্বোচ্চ নেতার অস্তিত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য

ইরানের সঙ্গে পুনরায় বড় ধরনের সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে তেহরানের ওপর নতুন করে হামলা চালানোর প্রবল সম্ভাবনা রয়েছে।
সংঘাতের বিষয়ে ট্রাম্প বলেন, “হামলার ঘটনাটি ঘটতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।” ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। দেশটির বর্তমান পরিস্থিতি “বিধ্বস্ত” উল্লেখ করে তিনি জানান, অভ্যন্তরীণ সংকটের কারণেই তেহরান এখন চুক্তির দিকে ঝুঁকছে।
বক্তব্যের এক পর্যায়ে ইরানের নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা ও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি দাবি করেন, দেশটির নেতারা বর্তমানে বিভ্রান্ত এবং তারা জানেই না তাদের প্রকৃত নেতা কে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি “আর নেই” বলে এক বিতর্কিত মন্তব্য করেন তিনি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।
এদিকে, উদ্ভূত উত্তেজনা প্রশমনে ইরান ১৪ দফার একটি নতুন পরিকল্পনা ও কূটনৈতিক প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। ট্রাম্প নিশ্চিত করেছেন যে, তেহরান একটি চুক্তির ধারণা দিয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত উপস্থাপন করবে। তবে ইরানের এই প্রস্তাব নিয়ে ট্রাম্প এখনো পূর্ণ আস্থা প্রকাশ করেননি এবং সংশয় বজায় রেখেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইরানের এই নতুন প্রস্তাবে মূলত আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদী সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে দুই দেশের অনড় অবস্থান ও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে সমঝোতার পথ কতটা প্রশস্ত হবে, তা নিয়ে অস্পষ্টতা কাটেনি।