জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং সেই প্রক্রিয়াকে শক্তিশালী করতে স্বাধীন গণমাধ্যম কাজ করে।
সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাসাস) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার নিয়মিতভাবে জনগণের কাছে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাংবাদিকতাকে কেবল একটি পেশা নয়, বরং দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বর্ণনা করেন তথ্যমন্ত্রী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, গণমাধ্যমকে কখনো কোনো বিশেষ শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের প্রচারযন্ত্রে পরিণত করা ঠিক নয়। একজন সাংবাদিকের মূল কাজ জনগণের পক্ষে কথা বলা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করা নয়।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, অতীতে দেশের গণমাধ্যম কীভাবে জনগণের স্বার্থের পরিপন্থী কাজে ব্যবহৃত হয়েছে এবং সাংবাদিকতার মান কেন ক্ষুণ্ন হয়েছে, তা নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের নিজেদের ভূমিকাও মূল্যায়নের আহ্বান জানান।
আইনের শাসনের প্রসঙ্গ টেনে জহির উদ্দিন স্বপন বলেন, পেশাগত পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে রাখার সুযোগ দেয় না। কোনো সাংবাদিক যেমন অযথা অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিকতার আড়ালে কেউ অপরাধে জড়িয়ে পড়লে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। তরুণ সাংবাদিকদের সৃজনশীলতা ও সমালোচনা করার দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।