↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৫ মে ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ মে ২০২৬, ৯:০৫ এ.এম

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে যাচ্ছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের কৃষকদের সরাসরি সহায়তা প্রদান এবং পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে মঙ্গলবার (৫ মে) জেলা সফরে যাচ্ছেন সরকারের দুই মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। সোমবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে পৌঁছাবেন প্রতিনিধি দলটি। এই সফরে থাকছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সুনামগঞ্জ পৌঁছানোর পর তারা জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সভায় এলাকার বর্তমান কৃষি পরিস্থিতি ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় প্রতিনিধি দলটি বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের হাতে সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তুলে দেবেন তারা। বিকেল নাগাদ তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।