↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৮ মে ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ মে ২০২৬, ৪:৪৫ পি.এম

আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানি সম্পদ মন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে কমপক্ষে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় ‘হোসেন্দী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ বিরতির পর পুনরায় এই কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং কৃষি ও মৎস্য চাষে সহায়তা প্রদান করা। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি ছিল মূলত খাল বাঁচানোর একটি আন্দোলন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই কর্মসূচি পুনরায় শুরু করেছে, যা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করেছে।

দেশের প্রাকৃতিক জলাশয়গুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এক সময় দেশে অনেক বড় বড় খাল ছিল যা অনেকটা নদীর মতো। কিন্তু সময়ের ব্যবধানে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি, শিল্প কলকারখানা স্থাপন, বর্জ্যের স্তূপ এবং অবৈধ দখলের কারণে সেগুলো সরু হয়ে গেছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।