প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠককালে ড. ইফতেখারুজ্জামানের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে দুর্নীতিমুক্ত করার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। দুর্নীতি দমনে টিআইবি’র মতো সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও পরামর্শের গুরুত্ব নিয়েও এ সময় আলোকপাত করা হয়।
সাক্ষাৎকারের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। দেশকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোর ওপর দাঁড় করাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও টিআইবি’র সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।