↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৯ মে ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ৮ মে ২০২৬, ৬:১৪ পি.এম

মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই বিশেষ পুরস্কারটি প্রবর্তন করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন ক্ষেত্রে এবং জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর গুণী ব্যক্তিদের এই সম্মাননা প্রদান করা হবে।

২০২৬ সালের এই পুরস্কারের তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন এই সম্মাননার জন্য মনোনীত হয়েছেন।

তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং সাহিত্যিক ড. মাহবুব হাসান। সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমও এই পদক পাচ্ছেন।

সংগঠনটি জানিয়েছে, প্রবাসীদের পক্ষ থেকে দেশের গুণীজনদের কাজের মূল্যায়ন এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্মৃতিকে অম্লান রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।