শিক্ষা ব্যবস্থায় নোট-গাইড আর প্রয়োজন হবে না: শিক্ষামন্ত্রী

বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন এক পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে যেখানে শিক্ষার্থীদের জন্য আর নোট-গাইড বইয়ের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে পাঠ্যক্রমের সহায়তায় উন্নত মানের সহযোগী বই বাজারে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
শুক্রবার (৮ মে) বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি ব্যক্তিগতভাবে কখনোই নোট-গাইড বইকে সমর্থন করেন না। তবে তিনি মনে করেন, তথাকথিত গাইড বইয়ের ভিড়ে মূল পাঠ্যবইয়ের উদ্দেশ্য যেন ব্যাহত না হয়।
মন্ত্রী তার বক্তব্যে গাইড বই কেন্দ্রিক অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গাইড বই থেকে প্রশ্ন করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি বিগত সরকারের সময় শিক্ষকদের মাধ্যমে গাইড বই বিতরণের অনৈতিক বাণিজ্যের খবরও গণমাধ্যমে এসেছে। এই ধরনের কারচুপি বন্ধে কঠোর নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষামন্ত্রী প্রকাশকদের উদ্দেশে বলেন, “সহকারী ও সহযোগী বই থাকবে এবং যারা প্রয়োজন মনে করবে তারা কিনবে। এখানে কোয়ালিটি কম্পিটিশন হতে হবে।” তিনি আরও জানান, সরকার সময়মতো বই বিতরণের ক্ষেত্রে প্রকাশকদের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। মুদ্রণ শিল্পকে একটি সম্মানজনক ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি সাশ্রয়ী মূল্যে মানসম্মত বই তৈরির প্রশংসা করেন।
সবশেষে, ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে মুদ্রণ শিল্প সংশ্লিষ্টদের মানসম্মত কাগজ ব্যবহার এবং স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।