↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১০ মে ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৯ মে ২০২৬, ৬:২২ পি.এম

সরাইলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান রুমিন ফারহানার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (৯ মে) সকাল ১০টায় সরাইল উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এমপি রুমিন ফারহানা তার বক্তব্যে উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সরকারি সেবাগুলো আরও দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব।

সভায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নাগরিক সেবা সহজতর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সরাইলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বক্তারা এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।