↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ মে ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১১ মে ২০২৬, ৮:৩৭ পি.এম

গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগে স্থানীয় সরকার আরও জনবান্ধব হবে: মির্জা ফখরুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১১ মে) সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নারী ও শিশু সংক্রান্ত বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় নারী গ্রাম পুলিশ সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ সোনালি দায়ারত্নের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় গ্রাম আদালত প্রকল্পের বর্তমান কার্যক্রম, অগ্রগতি এবং গ্রামীণ জনগণের জন্য স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, গ্রাম আদালত এ অঞ্চলে দীর্ঘ সময় ধরে বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে উচ্চতর আদালতগুলোর ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজেই সুফল পাবে।

সরকারের উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কারিগরি সহায়তা অত্যন্ত জরুরি। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।