↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ মে ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ১১ মে ২০২৬, ৬:৪৬ পি.এম

বিদেশে ভিসার জন্য ‘ভিসা বন্ড’ পাঠানোর প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিদেশি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ভিসা বন্ড’ বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার ফলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই এই অর্থ পাঠানো যাবে। সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে যদি ভিসা বন্ড বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়া বাধ্যতামূলক হয়, তবে ব্যাংকগুলো এখন থেকে আবেদনকারীর পক্ষে সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। মূলত বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়ার জটিলতা ও ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকগুলো আবেদনকারীদের নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা থাকবে। এছাড়া যাদের ইতোমধ্যে আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারা ভ্রমণ কোটার আওতায় ওই কার্ডে পুনরায় অর্থ লোড করতে পারবেন। তবে শর্ত থাকে যে, এই অর্থ কেবল সংশ্লিষ্ট ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজেই ব্যবহার করা যাবে।

এছাড়া এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব কিংবা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতে ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেও এই সুবিধা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নীতির ফলে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে ভিসা প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশি আবেদনকারীদের জন্য পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও দ্রুত হবে। সাধারণত আবেদনকারী ভিসার শর্ত মেনে নিজ দেশে ফিরে আসবেন—এই নিশ্চয়তা স্বরূপ দেশগুলো এই জামানত নিয়ে থাকে এবং পরে তা ফেরত দেওয়া হয়।