↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৩ মে ২০২৬, ৭:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ১২ মে ২০২৬, ৭:০২ পি.এম

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ঢাকায় নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রদূতরা তাকে আন্তরিক অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ওআইসি দেশগুলোর এই শুভেচ্ছাকে স্বাগত জানান এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কাল থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা গুরুত্বের সাথে স্মরণ করেন।

আলোচনায় অংশ নিয়ে মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে অংশীদারিত্ব আরও জোরদার করার ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। তারা উন্নয়নশীল বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভবিষ্যতে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দিয়ে দেশগুলোর মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (People-to-people contact) বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর জোরালো রাজনৈতিক ও মানবিক সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিসর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।