↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ মে ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ মে ২০২৬, ৩:০৭ পি.এম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পলিটিক্যাল জোকার’ আখ্যা দিয়ে ডোপ টেস্টের দাবি বিএনপি নেতা রাশেদ খানের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও আচরণের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার মতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা বলার ভাষা কোনো সুস্থ বা স্বাভাবিক রাজনীতিবিদের হতে পারে না। রাশেদ খান অভিযোগ করেন, পাটওয়ারী মানসিকভাবে অসুস্থ এবং সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় এসব ‘আবোল-তাবোল’ বকছেন।

রাশেদ খান উল্লেখ করেন, পাটওয়ারী দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইনজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হওয়া সত্ত্বেও তাকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর স্ত্রী ও কন্যাকে নিয়েও তিনি যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা কোনো সুস্থ সবল মানুষের পক্ষে সম্ভব নয়। তার শরীরে অতিরিক্ত নিকোটিন জমে যাওয়ার কারণে এমন প্রতিক্রিয়া হতে পারে।”

জামায়াতে ইসলামীর সঙ্গে পাটওয়ারীর সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি বলেন, এর আগে পাটওয়ারী জামায়াতকে ‘মুনাফেক’ ও ‘ভণ্ড’ বলে গালি দিলেও ঢাকা-৮ আসনে সেই দলের সমর্থন নিয়ে নির্বাচন করেছেন। এখন আবার সেই জামায়াতের সঙ্গেই মিতালি করে বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিষোদগার করছেন এবং জনকল্যাণমূলক কর্মসূচিকে অবজ্ঞা করছেন।

বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপি নেতা রাশেদ খান নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পলিটিক্যাল জোকার’ হিসেবে অভিহিত করেন। তিনি এনসিপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাটওয়ারীর জরুরি চিকিৎসা প্রয়োজন। তাকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি ডোপ টেস্ট করা দরকার। নিয়মিত গাজা সেবন না করলে কোনো মানুষের পক্ষে এমন জঘন্য ভাষায় কথা বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।