মালয়েশিয়ায় সাজা শেষে বাংলাদেশিসহ ৯৯ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বিভিন্ন দেশের ৯৯ জন অবৈধ অভিবাসীকে (পিএটিআই) তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (১৩ মে) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১) হয়ে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৬৪ জন পুরুষ এবং ৩৫ জন নারী রয়েছেন। তারা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, নেপাল, ভিয়েতনাম, পাকিস্তান ও ভারতের নাগরিক। প্রত্যাবাসনের আগ পর্যন্ত তাদের কেদাহর সিক এলাকায় অবস্থিত বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে আটক রাখা হয়েছিল।
বিভাগীয় তথ্যমতে, এই অভিবাসীরা বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থানসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিলেন। তারা অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ লঙ্ঘন করায় আইনি প্রক্রিয়ার সম্মুখীন হন। দেশে ফেরত পাঠানোর আগে প্রত্যেকেই তাদের জন্য নির্ধারিত সাজা সম্পন্ন করেছেন।
প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে যে, ফেরত পাঠানো সবার কাছে বৈধ ভ্রমণ নথি ছিল। যাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিল না, তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে জরুরি ভ্রমণ নথি (ইটিডি) সংগ্রহ করে দেওয়া হয়েছে।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ আরও স্পষ্ট করেছে যে, ফেরত পাঠানো এই ব্যক্তিদের নাম ইমিগ্রেশনের ‘কালো তালিকা’ বা ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। বেলান্তিক ইমিগ্রেশন ডিপোর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রত্যাবাসন পরিচালিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।