ক্রিকেটে সৌদি আরবের বড় পদক্ষেপ: অক্টোবরে শুরু হচ্ছে ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি’

ফুটবল, গলফ ও টেনিসে বিপুল বিনিয়োগের পর এবার ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে যাচ্ছে সৌদি আরব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে দেশটি তাদের প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ডিউনস লিগ টি-টোয়েন্টি’ শুরু করতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী অক্টোবর মাসেই এই আসর মাঠে গড়ানোর কথা রয়েছে।
সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) অনুমোদিত এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজনের জন্য জেদ্দার কাছে তায়েফ শহরকে নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ ও জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে এই লিগটি আয়োজিত হবে। বিশেষ করে যারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন, তারাই হবেন এই লিগের মূল আকর্ষণ।
এই টুর্নামেন্টের অন্যতম বড় চমক হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার ও বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিংকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টুর্নামেন্টটি দক্ষিণ এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হচ্ছে। এছাড়া খেলোয়াড় ব্যবস্থাপনায় যুক্ত রয়েছে ইউনিক স্পোর্টস গ্রুপ ও প্রোলিথিক নামের দুটি আন্তর্জাতিক ট্যালেন্ট এজেন্সি।
আইনি জটিলতা ও আইসিসির বিশেষ অনুমোদন এড়াতে লিগ কর্তৃপক্ষ কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ চারজন এমন ক্রিকেটার থাকতে পারবেন যারা গত দুই বছরের মধ্যে কোনো পূর্ণ সদস্য দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বাকিরা হবেন সাবেক বা ঘরোয়া ক্রিকেটার। খেলোয়াড়দের জন্য থাকছে আকর্ষণীয় পারিশ্রমিক; যেখানে শীর্ষ সারির তারকারা প্রায় এক লাখ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই আইসিসির বিভিন্ন স্পনসরশিপ ও আইপিএল নিলামে সম্পৃক্ততার মাধ্যমে ক্রিকেটে নিজেদের উপস্থিতি বাড়িয়েছিল সৌদি আরব। ডিউনস লিগের মাধ্যমে সেই লক্ষ্য আরও একধাপ পূর্ণ হতে যাচ্ছে।