প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের নির্দেশ মির্জা ফখরুল ইসলামের

স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ ও তাদের অর্থেই বাস্তবায়ন করা হয়। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা বজায় রাখা অপরিহার্য। একই সঙ্গে প্রকল্প ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখার ওপরও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে যেমন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়, তেমনি কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় মন্ত্রী উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, ব্যয় ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।