২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল শিল্প কারখানার শ্রমিকদের বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে নির্ধারিত তারিখের মধ্যে শ্রমিকদের মাসিক বেতন আবশ্যিকভাবে পরিশোধের জন্য মালিকপক্ষকে তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং তৈরি পোশাক শিল্পবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বেতন-বোনাস পরিশোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় শ্রমিক প্রতিনিধিরা সময়মতো বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়ে বলেন, পাওনা সঠিক সময়ে পেলে কোনো ধরনের শিল্প অসন্তোষ বা আন্দোলনের সম্ভাবনা থাকবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া রয়েছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা। পাশাপাশি শ্রমিকদের বাড়ি ফেরা সহজ করতে বিশেষ বাস ও ট্রেন সার্ভিসের প্রস্তাব করেন শ্রমিক নেতারা।
অন্যদিকে, শ্রমিকদের যাতায়াত খরচ কমাতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ইতিবাচক ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সকল রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।